Skip to main content

এক জেলা থেকেই তিন দিনে ৯ জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় গত তিন দিনে পৃথক ঘটনায় মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে শনিবার (৩ জানুয়ারি) পর্যন্ত সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় পাঁচজন, গাছচাপায় তিনজন এবং একজন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম পান্তাপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়নুল ওই এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে এবং স্থানীয় কলার ব্যবসায়ী ছিলেন।

তার স্বজনরা জানান, তিনি কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন এবং শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

পলাশবাড়ী: শুক্রবার (২ জানুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় সিমেন্টবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হন। নিহতরা হলেন- বাসের হেলপার মুসা আকন্দ (২৫) ও যাত্রী জামিল হোসেন (২০)। পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ: বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে ফাঁসিতলা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আল আমিন (৫০) ও জনি মিয়া (৪০) নামের দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গাছচাপায় দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

সদর উপজেলা: বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে গাছ কাটতে গিয়ে অসাবধানতায় দুই শিশুর ওপর গাছ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিহামনি (১১ মাস) ও জান্নাতি খাতুন (২) নামের দুই বোনের। তারা স্থানীয় ফরিদ মিয়ার মেয়ে। অভিযোগ উঠেছে, ঘটনার পর ঘাতক পক্ষ মরদেহ দুটি পাতা দিয়ে ঢেকে পালিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। সদর থানার ওসি (তদন্ত) সুমঙ্গল কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাটাবাড়ী: এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ীতে ট্রাকে গাছের গুঁড়ি লোড করার সময় নিচে চাপা পড়ে রাগিব নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গাইবান্ধার পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে অপমৃত্যু ও সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments