Skip to main content

মানিকগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে পৈতৃক ভিটা দখলের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: 
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে এক পরিবারের পৈতৃক ভিটা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী হলেন হাটিপাড়া গ্রামের বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোসলেম উদ্দিন (৬৬) জানান, তাদের পরিবার বাব-দাদার আমল থেকেই ওই জমি ভোগদখল করে আসছে। জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং এ সংক্রান্ত পারিবারিক বণ্টননামাসহ বৈধ দলিলপত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে।

তার অভিযোগ, হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিরুল আলম বাবুল (৫৫), জাহাঙ্গীর আলম মকুল (৫০), রফিকুল ইসলাম পিন্টু, নাঈম সারাইং, হজরত সারাইংসহ অজ্ঞাত আরও ১০–১২ জন গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ রাতে জোরপূর্বক টিনের বেড়া দিয়ে তাদের পৈতৃক ভিটা ঘিরে ফেলেন। এ সময় পারিবারিক কবরস্থানসহ বাড়ির যাতায়াতের সবগুলো পথ ইট ও টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

মোসলেম উদ্দিন বলেন, "আমাদের পূর্বপুরুষদের কবরস্থান পর্যন্ত ঘিরে ফেলা হয়েছে। এতে আমরা নিজ বাড়িতে যাতায়াত করতেও চরম দুর্ভোগের মধ্যে পড়েছি।" তিনি আরও জানান, ঘটনার প্রতিকার চেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন এবং মানিকগঞ্জ আদালতে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিরুল আলম বাবুল বলেন, "আমাদের বিরুদ্ধে ভিটা দখলের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।"

এ বিষয়ে হাটিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল রাজ্জাক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছি  তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি, পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে  দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ক্ষোভ প্রকাশ করেন  হাটিপাড়া ও পাওনান এলাকার গ্রামবাসী।

হাটিপাড়া গ্রামের প্রবীণ বাসিন্দা আবদুল গফুর মাতাব্বর (৭৫) বলেন, "ছোটবেলা থেকেই দেখে আসছি মোসলেমদের পরিবার ওই বাড়িতে বসবাস করছে। হঠাৎ করে কিছুদিন আগে বাবুল ও তার ভাই-ভাতিজারা টিনের বেড়া দিয়ে জায়গাটি ঘিরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। বিষয়টি দ্রুত স্থানীয়ভাবে মীমাংসা হওয়া জরুরি।"

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের ভোগদখলকৃত পৈতৃক সম্পত্তি নিয়ে সৃষ্ট এ বিরোধ দ্রুত তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ও কার্যকর সমাধান নিশ্চিত করা প্রয়োজন।

Comments